গাজীপুরে টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের কোনাবাড়ী এলাকায় মোয়াজ্জেম নিটিং কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ভাঙচুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে জয়দেবপুর থানা ও শিল্প-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শিল্প-পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অপারেশন) দেওয়ান লালন আহম্মেদ জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল বেলা আড়াইটার দিকে দুই শতাধিক শ্রমিক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করেন। পরে তাঁরা কারখানাসংলগ্ন টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর থানা ও শিল্প-পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর পাওনা আদায় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।