গাজীপুরে টিটিটিআই পরিদর্শনে কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) গতকাল রোববার পরিদর্শন করেছে কুয়েতের সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলটি সকালে কুয়েত সেনাবাহিনীতে নিয়োগের জন্য বিভিন্ন ট্রেডে জনশক্তি নেওয়ার সম্ভাব্যতা যাচাই করতে টিটিটিআই পরিদর্শন করে। টিটিটিআইতে পৌঁছালে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল (অব.) আছয়াদুর রহমান প্রতিনিধিদলটিকে স্বাগত জানান। পরে ইনস্টিটিউটের কনফারেন্স রুমে টিটিটিআইয়ের কর্মকাণ্ডের ওপর ব্রিফিং দেওয়া হয়। পরে প্রতিনিধিদলের সদস্যরা সরেজমিনে টিটিটিআইয়ের সব প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রশিক্ষণ কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন কুয়েত সশস্ত্র বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ অব স্টাফ (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানপাওয়ার) মেজর জেনারেল খালিদ মোদি আল সেমারি, ব্রিগেডিয়ার জেনারেল হিশাম দাউদ আল-নাসরুল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল নিদাল হোসেইন আল-আবদুর রাহমান, লেফটেন্যান্ট কর্নেল আলী আবদুল জাওয়াদ আল-বাছরি ও কুয়েতে বাংলাদেশ কন্টিনজেন্টের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম-উজ-জামান।
প্রতিনিধিদলটি আট দিন বাংলাদেশে অবস্থান করবে। অবস্থানকালে দলটি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাব্যতা যাচাই করবে। ১০ ফেব্রুয়ারি দলটির বাংলাদেশ ত্যাগ করার কথা।