গাজীপুরে টিফিন খেয়ে দেড় শ শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় টিফিন খেয়ে প্রায় দেড় শ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার সারদাগঞ্জের সুলতান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, সুলতান মার্কেট এলাকার জিএমএস নামের ওই কারখানায় গতকাল সন্ধ্যা সাতটার দিকে টিফিন দেওয়া হয়। টিফিনের মধ্যে ছিল ডিম, পেটিস ও কলা। এগুলো খেয়ে শ্রমিকেরা আবার কাজ শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যে কয়েকজন শ্রমিকের বমি হয়। অনেকে মাথা ঘুরে পড়ে যান। একপর্যায়ে শ্রমিকদের মধ্যে বমি ও মাথাঘোরা ভাব ব্যাপকভাবে বেড়ে যায়। পরে আশপাশের লোকজন, কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ প্রায় দেড় শ শ্রমিককে উদ্ধার করে কোনাবাড়ী, গাজীপুর সদর, জিরানী এলাকার কয়েকটি হাসপাতালে ভর্তি করে।

গাজীপুর সদর হাসপাতালের আরএমও তপন কুমার দে জানান, ভাপসা গরমে আগে থেকে প্রস্তুত করা খাবার নষ্ট হয়ে বিষক্রিয়ার সৃষ্টি হচ্ছে।