গাজীপুরে টেক্সটাইল কারখানাকে ৩৯ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ দূষণের দায়ে গতকাল বৃহস্পতিবার গাজীপুরে একটি টেক্সটাইল কারখানাকে ৩৯ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. মুনীর চৌধুরী বলেন, জেলা সদরের শরীফপুর এলাকার ইউনিমেক্স নামের টেক্সটাইল কারখানাটি ২০০৪ সাল থেকে উৎপাদন শুরু করে। তখন থেকেই কারখানাটিতে কোনো বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয়নি। কারখানাটি দৈনিক ১২ মেট্রিক টন ফেব্রিক্স ডায়িং করে। এর বর্জ্য শোধন না করে তা সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলা হচ্ছে। এ কারণে কারখানাটিকে লাল তালিকাভুক্ত করে বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। সে সঙ্গে ওই টাকা জরিমানা করা হয়েছে।এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদন ছাড়া খাবার তৈরি এবং অননুমোদিত ওজনযন্ত্র ব্যবহার করার দায়ে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গাজীপুরের ছয়টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন। বিএসটিআই সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত গাজীপুর চৌরাস্তার সুরমা রেস্তোরাঁ অ্যান্ড সুইটসে অভিযান চালিয়ে পচা ও বাসি চিনির সিরা দিয়ে মিষ্টি তৈরি করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জয়দেবপুরের রতন মিষ্টান্ন ভান্ডারের দই ও ঘি তৈরির জন্য বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় বি-বাড়িয়া একতা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি অনুমোদন ছাড়া কেক ও বিস্কুট তৈরি করায় ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন। জয়দেবপুর থানা রোডের হাবিব ট্রেডার্স, কার্তিক ট্রেডার্স ও মিতালী স্টোর বিএসটিআইয়ের অনুমোদনহীন ওজনযন্ত্র ব্যবহার করছিল। এ তিনটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।