গাজীপুরে টেক্সটাইল কারখানায় আগুন
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেতজুরী এলাকায় ডিগনিটি টেক্সটাইল মিলস্ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। দুপুরে আগুন ধরলেও রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানার আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গাজীপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. হোসেন জানান, শ্রীপুরের ইউএনও সাদেকুর রহমানকে আহ্বায়ক করে ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আজ রোববার দুপুর পৌনে দুইটার দিকে কারখানাটিতে আগুন লাগে। কারখানার সাত তলা ভবনের তৃতীয় তলায় গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট বর্তমানে আগুন নেভানোর কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক নাজমুন্নাহার জানান, ঘটনার সময় তৃতীয় তলায় দুপুরের খাবারের বিরতি চলছিল। এ সময় তৃতীয় তলার গুদাম ঘরের দক্ষিণ পাশের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন তৃতীয় তলার পুরো অংশে ছড়িয়ে পড়ে। আগুনে তৃতীয় তলার সবকিছু পুড়ে যায়।
গাজীপুর দমকল বাহিনীর উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে প্রথমে শ্রীপুরের মাওনা ও গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করেন। পরে গাজীপুর, টঙ্গী, ভালুকা ও সাভার ইপিজেডের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য একযোগে কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান এবং শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।