গাজীপুরে ট্রাক ও বাসের চাপায় দুই নারী নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের চাপায় বিমলা রানী বর্মণ (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। গত রোববার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিমলার ভাই কালী চরণ বর্মণ আহত হন।
বিমলা স্থানীয় মাস্টারবাড়ী এলাকার শান্তি চরণ বর্মণের স্ত্রী। একই দিন রাতে সদর উপজেলার বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকায়
বাসের চাপায় স্থানীয় একটি কারখানার এক নারী শ্রমিক নিহত হন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী পোলট্রি
ফিড বোঝাই একটি ট্রাক নতুন বাজার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বিমলা ও কালী চরণকে চাপা দেয়। স্থানীয় লোকজন
তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিমলাকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক
হওয়ায় কালী চরণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাওনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে একই দিন রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকায়
রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী একটি বাসের ধাক্কায় স্থানীয় একটি কারখানার এক নারী শ্রমিক নিহত ও কয়েকজন আহত
হন। নিহত ওই শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ
সময় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে রাত সাড়ে ১০টার দিকে গাড়ি চলাচল
স্বাভাবিক হয়।