গাজীপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষ, আহত দুই
ঢাকা-ময়মনসিংহ রেললাইনে গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া এলাকায় অরক্ষিত একটি রেলক্রসিংয়ে মালবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে।
এতে ট্রাকের চালক ও তাঁর সহযোগী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। আজ শুক্রবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক তারিকুল ইসলাম (৪০) ও তাঁর সহযোগী চান্দনা এলাকার মাইদুল ইসলাম (১৮)। তারিকুলের বাড়ি গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে ইটবোঝাই একটি ট্রাক অননুমোদিত একটি ক্রসিং দিয়ে ঢাকা-ময়মনসিংহ রেললাইন পার হতে গেলে ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ট্রাকের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। এতে ট্রাকটি দ্বিখণ্ডিত হয়ে রেললাইনের দুই পাশে ছিটকে পড়ে এবং ট্রেনটির হুস পাইপ ফেটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় ট্রাকের চালক ও সহযোগী আহত হন। তাঁদের গুরুতর অবস্থায় গাজীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিকল হওয়া হাওড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রী টঙ্গীর বাসিন্দা আজিজুল ইসলাম প্রথম আলোকে জানান, ট্রেনটি ভূরুলিয়া এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের ভেতরের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি কিছু দূর সামনে গিয়ে থেমে যায়।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক প্রণয় ভূষণ দাস প্রথম আলোকে জানান, তারিকুল ও মাইদুলের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ট্রেনের হুস পাইপ নষ্ট হয়ে গেছে। পরে এটি পরিবর্তন করা হলে বেলা তিনটায় আবার ট্রেন চালু হয়। তবে এ সময় পর্যন্ত এ রুটে কোনো ট্রেনের শিডিউল ছিল না।
জয়দেবপুর রেলওয়ে জংশনে কর্তব্যরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, ভূরুলিয়া এলাকায় যে রেলক্রসিং রয়েছে সেটা অবৈধভাবে করা হয়েছে। তাই সেখানে কোনো গেইট বা গেইটম্যান ছিল না।