গাজীপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষে একজন নিহত, আহত ৩
ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া এলাকায় গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে মালবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহত তরিকুল ইসলামের (৪০) বাড়ি গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া এলাকায়। আহত একজন হলেন চান্দনা এলাকার মাইদুল ইসলাম (১৮)। আহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।
সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ের ওপর দিয়ে যাওয়ার সময় ইটবোঝাই একটি ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি প্রচণ্ড গতিতে ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি দুই ভাগ হয়ে রেললাইনের দুপাশে ছিটকে পড়ে। আর ট্রেনটির হোসপাইপ ফেটে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় ট্রাকের মধ্যে থাকা চালক, দুই সহযোগীসহ চারজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তরিকুলের মৃত্যু হয়।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয়ভূষণ দাস প্রথম আলোকে জানান, ট্রাকে থাকা তরিকুল ও মাইদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার বলেন, ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ট্রেনের হোসপাইপ ফেটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। দ্রুত ব্যবস্থা নিতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনে কর্তব্যরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া বলেন, ভুরুলিয়া এলাকায় যে রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে, তা অবৈধভাবে করা হয়েছে। এ কারণে সেখানে কোনো গেট বা গেটম্যান ছিল না।