গাজীপুরে ট্রাকচাপায় প্রশিক্ষক নিহত
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ট্রাকচাপায় মোকতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত কিশোরী উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক। আজ শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোকতার হোসেন কোনাবাড়ির নিজ কর্মস্থলে ফিরছিলেন। রাত পৌনে ৮টার দিকে নিজ প্রতিষ্ঠানটির সামনে মহাসড়ক অতিক্রম করার সময় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মো. মিজানুল ইসলাম আকন্দ প্রথম আলোকে বলেন, নিহত মোক্তার হোসেন ওই প্রতিষ্ঠানের কারিগরি বিষয়ের প্রশিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তবে পরিবার নিয়ে কোনাবাড়িতেই থাকতেন তিনি।
কোনাবাড়ি মহাসড়ক থানার পরিদর্শক আবু দাউদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।