গাজীপুরে ট্রাকচাপায় দুই নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলীরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বুধবার সকালে ট্রাকচাপায় দুই নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তাঁরা হলেন, ঢাকার ধামরাই থানার ভাংগলা গ্রামের রাজিয়া খাতুন (২৫) ও রাজশাহীর বাঘা থানার জুত কাদিরপুর গ্রামের বিজলী বেগম (৩০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে রাজিয়া ও বিজলী মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। একপর্যায়ে টাঙ্গাইলগামী একটি চিনিভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে রাজিয়া ও বিজলী ঘটনাস্থলেই মারা যান। পরে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার ও ট্রাকটি আটক করে। কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত দুই নারীর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।