গাজীপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় গত বৃহস্পতিবার রাতে ট্রাকচাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবল মো. কবির হোসেনের বাড়ি শেরপুরে। তিনি কালীগঞ্জ থানার উলুখোলা অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। পুলিশ সূত্র জানায়, টঙ্গী-ঘোড়াশাল সড়কের উলুখোলা এলাকার একটি পেট্রলপাম্পের সামনে তল্লাশিচৌকি বসানো হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ওই তল্লাশিচৌকিতে একটি ট্রাকের চালককে থামার সংকেত দেন কবির। কিন্তু ট্রাকের চালক না থেমে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যান। পরে কবিরকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে দুইটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কবির ১৫ দিন আগে উলুখোলা ক্যাম্পে যোগ দেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কবিরের লাশ তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।