গাজীপুরে ট্রাকচাপায় ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকায় আজ বুধবার বিকেলে লাকড়িবোঝাই ট্রাক উল্টে গেলে লাকড়ির নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক ব্যবসায়ী। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।

নিহত শিশুরা হলো ময়মনসিংহের কোতোয়ালি থানার আলমগীর হোসেনের মেয়ে রতনা আক্তার (৪) ও একই এলাকার চান মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৬)। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাইবোন। তাদের দুজনের বাবা ওই এলাকায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ পানিশাইল এলাকায় তোফাজ্জল হোসেন নামের এক ব্যবসায়ীর খাবারের হোটেল রয়েছে। ওই হোটেলে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রাকভর্তি কাঠের লাকড়ি নিয়ে আসেন। ট্রাকটি হোটেলের সামনে রাখতে গেলে ট্রাকের চাকা গর্তে পড়ে কাত হয়ে যায়। এ সময় সেখানে শিশু রতনা, আবদুল্লাহ ও ব্যবসায়ী তোফাজ্জলসহ বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। ট্রাকটি কাত হয়ে গেলে ট্রাকে থাকা কাঠের লাকড়ি নিচে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন দ্রুত সরে যেতে পারলেও ওই দুই শিশু লাকড়ির নিচে চাপা পড়ে। পরে আশপাশের লোকজন দুই শিশু ও ব্যবসায়ী তোফাজ্জলকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত ব্যবসায়ী তোফাজ্জলকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. ফজলুল মিয়া জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।