গাজীপুরে ট্রাকশ্রমিক ও আ.লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ২৫
গাজীপুর সদর উপজেলার কড্ডা এলাকায় গতকাল বুধবার ট্রাকশ্রমিক ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ৬০-৬৫টি বাস নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মহাসমাবেশের উদ্দেশে রওনা দেন। গাড়ির বহর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডার ট্রাকস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বহরের একটি বাসের ধাক্কা লাগে। এ ঘটনায় ট্রাকশ্রমিক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় আওয়ামী লীগের কর্মীরা ট্রাকচালক ও তাঁর সহযোগীকে মারধর করেন। পরে ট্রাকস্ট্যান্ডের শ্রমিকেরা গাড়িতে হামলা চালান। এ সময় বহরে থাকা নেতা-কর্মীদের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষ হয়। শ্রমিকদের এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপে অর্ধশতাধিক গাড়ির কাচ ভেঙে যায়। এ ছাড়া শ্রমিকদের হামলায় কমপক্ষে ২৩ জন নেতা-কর্মী আহত হন। সংঘর্ষের সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বেলা দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।আহত ব্যক্তিদের মধ্যে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সিকদার মোশারফ, আ. হালিম, হাবিব, আবু সাইদ, নজরুল ইসলাম, সেলিম, রফিক ও বাবুকে উত্তরা, গাজীপুরসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম আজাদ জানান, দলের কয়েকজন কর্মীর সঙ্গে ট্রাকশ্রমিকদের বাগিবতণ্ডার জের ধরে এ ঘটনা ঘটেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি।