গাজীপুরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় শাহিনুর আক্তার (২৪) নামের পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর পিরোজপুরের মঠবাড়ি থানার দক্ষিণ সোনাখালী এলাকার আবু সালেকের স্ত্রী। গাজীপুরের তেলিপাড়ার একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) আবদুল হাই বলেন, সকালে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক শাহিনুরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।