গাজীপুরে ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় গতকাল রোববার দুপুরে যাত্রীবাহী ট্রেন ও একটি ওষুধ কারখানার কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটি সাময়িক যাত্রাবিরতি করে।
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের চালক আশরাফুল হোসেন খান বলেন, সকাল সাড়ে আটটার দিকে ট্রেনটি ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বক্তারপুর সড়কে রেল ক্রসিংয়ে থেমে থাকা একটি কাভার্ড ভ্যান দেখে বারবার হুইসেল দিলেও তা না সরায় ব্রেক কষতে থাকেন। কিন্তু ট্রেনের গতি নিয়ন্ত্রণে না আসায় ভ্যানটির সঙ্গে ধাক্কা খায়। পরে ট্রেনটির সঙ্গে ভ্যানটি আটকে প্রায় এক কিলোমিটার পথ চলার পর ট্রেনটি থেমে যায়।
স্থানীয় ব্যক্তিরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রেলপথ থেকে ভ্যানটি সরিয়ে নেওয়ার পর ট্রেনটি বেলা দেড়টার দিকে ঢাকার পথে যাত্রা শুরু করে।
রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা আনসার সদস্য জুলহাস মিয়া বলেন, ওই কাভার্ড ভ্যানচালককে বারবার সতর্ক করা হয়েছিল, ‘ট্রেন আসছে আপনি গাড়িটি নিয়ে পড়ে যান, কিন্তু চালক অবাধ্য হয়েই ক্রসিং অতিক্রম করতে গেলে ভ্যানটির চাকা ক্রসিংয়ে আটকে যায়। ওই ঘটনার জন্য ভ্যানচালকই দায়ী।’