গাজীপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহত তিনজনই ট্রেনের যাত্রী ছিলেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের অদূরে মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন শিখর আহমেদ (২০), ট্রেনের হকার মোস্তফা কামাল (৫০) ও জাহাঙ্গীর আলম (৪০)। তাঁদের মধ্যে শিখরের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী, মোস্তফার বাড়ি শহীদনগর ও জাহাঙ্গীরের বাড়ি গোলাঘাট গ্রামে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন-উল কাদিরের ভাষ্য, জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের সঙ্গে ট্রেনের লাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ঝুলন্ত দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আরেক আহত যাত্রী জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।