গাজীপুরে ট্রেন থেকে পড়ে এক মুসল্লির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে গাজীপুরের পুবাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম সাহের আলী (৩৫)। তাঁর বাড়ি নরসিংদীর বুইদ্দামারা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহের আলী আখেরি মোনাজাত শেষে ভৈরবগামী একটি ট্রেনের হাতলে ঝুলে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি গাজীপুরের পুবাইল স্টেশনের পূর্ব পাশের আউটার সিগন্যাল পার হওয়ার সময় তিনি সিগন্যালের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হয়। তবে পথেই তাঁর মৃত্যু হয়।

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. দাদন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাহের আলীর কাছে থাকা কাগজপত্র থেকে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।