গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ ও কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় গত শনিবার দিবাগত রাতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে আলমগীর হোসেন (৩০)।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আলমগীর শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার হায়দরাবাদ এলাকার রেললাইন দিয়ে হেঁটে দত্তপাড়ার বাড়িতে ফিরছিলেন। এ সময় ঢাকাগামী বলাকা ট্রেনটি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে শনিবার মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশনের ভান্নারা এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন অপর এক যুবক। অজ্ঞাত পরিচয় এ যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে ছিল লাল হাফ হাতা গেঞ্জি ও আকাশি রঙের চেক লুঙ্গি। সকাল ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কোন ট্রেনের নিচে তিনি কাটা পড়েছেন তা-ও জানা যায়নি। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।