গাজীপুরে ট্রেনের ছাদ থেকে ফেলে তিনজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলার জয়দেবপুর-রাজশাহী রেললাইনের পাশ থেকে গতকাল সোমবার তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। ডাকাতি করতে বাধা দেওয়ায় ওই চারজনকে রোববার রাতে ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।

আহত ব্যক্তি হলেন মো. সুমন হোসেন (৩০)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার ঘোষ গ্রামের সামছুল উদ্দিনের ছেলে। পেশায় রিকশাচালক। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুর সদর উপজেলার আহাকি এলাকার রেল সেতুর পাশে গতকাল সকালে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে ওই স্থান থেকে পশ্চিমে এক কি.মি দূরে কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় আরও দুজন এবং ভান্নারা গুচ্ছগ্রামের পাশে অপর একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। বরাব রেলক্রসিং এলাকায় পড়ে থাকা দুজনের মধ্যে সুমন হোসেন নামের একজন জীবিত ছিলেন। তিনি হঠাৎ চিৎকার করে ওঠেন। পরে এলাকাবাসী তাঁকে কোনাবাড়ী শরিফ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। বাকি তিনজনের মাথা থেঁতলানো। শরীরে আঘাতের চিহ্ন আছে।

এলাকাবাসী জানান, বিষয়টি জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার জিয়া উদ্দিন সরদারকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ তিনটি উদ্ধার করে। তাঁদের মধ্যে একজনের পরনে কালো জিনস প্যান্ট ও সাদা চেক শার্ট, অপরজনের লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি ও গলায় গামছা এবং তৃতীয়জনের পরনে সাদা-কালো চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোনাবাড়ী শরিফ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সুমন হোসেন সাংবাদিকদের বলেন, তিনি ঢাকায় নিউমার্কেট এলাকায় রিকশা চালান। বাড়ির উদ্দেশে রোববার রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠেন। ভাড়া এড়াতে তাঁর মতো আরও অনেকে ছাদে ওঠেন। ট্রেনটি জয়দেবপুর জংশন অতিক্রম করার পর রাত সাড়ে ১২টার দিকে আট-নয়জনের একটি দল ছুরি বের করে তাঁদের (যাত্রীদের) ভয়ভীতি দেখায় এবং যা আছে সব দিয়ে দিতে বলে। দুর্বৃত্তরা তাঁর মুঠোফোন ও এক হাজার ১০০ টাকা ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে তারা গালাগাল করে ধাক্কা দিয়ে তাঁকেসহ দুজনকে ট্রেন থেকে ফেলে দেয়। এর আগে তাঁর সামনেই আরও একজনকে ফেলে দেওয়া হয়। এর বেশি কিছু জানেন না।

কালিয়াকৈরের বরাব এলাকায় আসান মিয়ার মাছের খামারে নৈশপ্রহরীর কাজ করেন মো. ইউনুছ। তিনি বলেন, পাহারা দেওয়ার সময় রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ট্রেনের ছাদ থেকে কিছু পড়ার শব্দ পান তিনি। কিন্তু অন্ধকারে সেখানে যেতে সাহস করেননি। সকালে বাড়ি যাওয়ার সময় জানতে পারেন, ট্রেন থেকে মানুষ পড়ে মারা গেছে।

রেলওয়ে জয়দেবপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বলেন, রোববার মধ্যরাতে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তিন ব্যক্তি মারা গেছেন। তবে ছিনতাইকারী বা ডাকাত দল তাঁদের ফেলে দিয়েছে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না।

রেলওয়ের একটি সূত্র জানায়, ছাদে ওঠা নিষেধ থাকলেও দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ টাকা বাঁচাতে ট্রেনের ছাদে যাতায়াত করে থাকে। এই সুযোগে দুর্বৃত্তরা ডাকাতি ও ছিনতাই করে। কেউ বাধা দিলে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়।

গত বছরের আগস্ট মাসে গাজীপুর রেললাইন থেকে সাত দিনে ১২ জন এবং এক মাসে ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে প্রথম আলোয় খবর ছাপা হলে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছিল, তার কিছুই মানা হয়নি।

এ ব্যাপারে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান প্রথম আলোকে বলেন, বেশ কয়েক দিন সরেজমিনে ট্রেনে যাত্রী বেশে ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে এই তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে চলন্ত ট্রেনে নিরাপত্তা বাড়ানোসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছিল। কিন্তু সে সবের কিছুই মানা হয়নি।