গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুজন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় গতকাল শুক্রবার সকালে ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে পড়ে দুই পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। একই দিন টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক শিশুর (১২) মৃত্যু হয়।
ভুরুলিয়ায় নিহত শ্রমিকদের মধ্যে একজন হলেন খুলনার মো. রমজান আলী (৩০)। অন্যজনের (৩২) পরিচয় পাওয়া যায়নি। দুজনেই স্থানীয় কোনাবাড়ী জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভুরুলিয়া মার্কাজ মসজিদে তাবলিগের কাজে কয়েকজন বধির আসেন। সকাল সাড়ে সাতটার দিকে কাজ শেষে রমজানসহ পাঁচজন বধির মসজিদ থেকে কোনাবাড়ী জরুনের উদ্দেশে রওনা দেন। ভুরুলিয়া এলাকায় রেলসেতুতে ওঠার পর জামালপুরগামী কমিউটার ট্রেনটি সেখানে চলে আসে। একপর্যায়ে রমজানসহ দুজন শ্রমিক ট্রেনের ধাক্কা খেয়ে খাদে পড়ে মারা যান। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা মোমিন মিয়া (৩০) ও সুমনসহ তিনজন খাদের পানিতে লাফিয়ে পড়ে আহত হন। পরে এলাকাবাসী ও তাবলিগের লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে জানতে চাইলে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এএসআই মো. জিয়াউর রহমান বলেন, টঙ্গী রেলওয়ে সেতুর উত্তর ও বৌবাজারের দক্ষিণ দিকে সকালে অজ্ঞাতনামা ওই শিশু ট্রেনে কাটা পড়ে মারা যায়। এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।