গাজীপুরে ট্রেনের ধাক্কায় নছিমনের ২ আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-কালীগঞ্জ সড়কের আড়িখোলা রেলস্টেশনের পশ্চিম পাশে দড়িপাড়া রেলক্রসিংয়ে গতকাল শুক্রবার ভোরে ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত যানের (নছিমন) দুই আরোহী নিহত হয়েছেন। রেলক্রসিংয়ের একটি প্রতিবন্ধক দণ্ড ভাঙা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত ব্যক্তিরা হলেন নছিমনের চালক নরসিংদীর পলাশ উপজেলার মো. রাসেল মিয়া (২২) ও যাত্রী রহিম উদ্দিন গাজী (৩৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দড়িপাড়া এলাকায় রেলক্রসিংয়ের প্রতিবন্ধক দণ্ডটি দীর্ঘদিন আগে একটি ট্রাকের ধাক্কায় ভেঙে যায়। সেটি পুনঃস্থাপন বা মেরামত করা হয়নি। ট্রেন এলে এক পাশের প্রতিবন্ধক দণ্ড নামানো হলেও অন্য পাশ উন্মুক্ত থাকে। গতকাল সকাল ছয়টার দিকে নরসিংদীর জিনারদী বাজার থেকে রহিমসহ দুই ব্যবসায়ী নছিমনে সবজি নিয়ে গাজীপুর শহরে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। চালক দড়িপাড়া রেলক্রসিংয়ের উন্মুক্ত অংশ দিয়ে নছিমনটি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী ‘নোয়াখালী এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় নছিমনটি ছিটকে পড়ে। এতে রাসেল ও রহিম ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে কমলাপুর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।দড়িপাড়া রেলক্রসিংয়ের গেটম্যান সুধীর জানান, দীর্ঘদিন ধরে এক পাশের প্রতিবন্ধক দণ্ড ভেঙে পড়ে আছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি।কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পিন্টু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।