গাজীপুরে ট্রেনের ধাক্কায় শিশু নিহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি ট্রেনের ইঞ্জিন অন্য একটি ট্রেনকে ধাক্কা দিলে এক শিশু নিহত ও অন্তত ১০ জন আহত হন।
নিহত শিশুর নাম মামুন অর রশিদ (১২)। সে ময়মনসিংহের ফুলপুর উপজেলার লেপশিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের জয়দেবপুর রেলওয়ে জংশনে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ৩ নম্বর লাইনে যাত্রাবিরতি করে। এ সময় তুরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি ঘুরিয়ে জংশনে যাওয়ার সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তুরাগের ইঞ্জিনের সামনে বসে থাকা মামুন অর রশিদ চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় দ্রুতযান এক্সপ্রেসের ১০-১২ জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিরা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মামুনের বাবা আবুল কাশেম জানান, মামুন জয়দেবপুর রেলস্টেশনে পানি বিক্রি করত।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার সাইদুল ইসলাম বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিকে ছেড়ে দেওয়ার সিগন্যাল দেওয়া হলেও তুরাগ ট্রেনটিকে লাইন পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি। তারপরও তুরাগ ট্রেনটি লাইন পরিবর্তন করে দ্রুতযান ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।