কারখানার ইটিপি বন্ধ রেখে তুরাগ নদ দূষণের অভিযোগে গাজীপুরের টঙ্গী ভাদাম এলাকায় গতকাল মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে একটি ডাইং কারখানাকে ৩৯ লাখ টাকা জরিমানা করেছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর ভাদামে অবস্থিত এনজেলস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড নামক বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে গতকাল মঙ্গলবার ভোর ছয়টায় পরিবেশ অধিদপ্তর আকস্মিক অভিযান চালিয়ে তুরাগ নদ দূষণের ঘটনা উদ্ঘাটন করেছে। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি টিম ওই কারখানায় আকসিঞ্চকভাবে উপস্থিত হয়ে দেখতে পায়, কারখানার বর্জ্য পরিশোধন প্লান্ট বন্ধ রেখে পুরোদমে উৎপাদন চলছে। কারখানার অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি তুরাগ নদে ফেলা হচ্ছে। তাৎক্ষণিকভাবে বর্জ্য পানির মান পরীক্ষা করে দূষণের প্রমাণ পাওয়া যায়। ওই কারখানায় গত তিন বছর কয়েক দফা পরিবেশ দূষণের ঘটনা ধরা পড়লেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কারখানার মালিক গিয়াস উদ্দিন মুরাদকে পরবর্তী সময়ে পরিবেশ অধিদপ্তরে তলব করা হলে তিনি উপস্থিত হয়ে জানান, ৩০ বছরেরও বেশি সময় ধরে স্পেনে বসবাস করছেন। তিনি স্পেনের একজন নাগরিক এবং এ কারখানার উৎপাদিত সামগ্রীর বাজার রয়েছে স্পেনে। পরিবেশ ধ্বংসকারী এ ব্যবসা অনৈতিক উল্লেখ করে পরিচালক (এনফোর্সমেন্ট) তুরাগ নদ দূষণের দায়ে কারখানার মালিককে ৩৯ লাখ টাকা পরিবেশের ক্ষতিপূরণ বাবদ জরিমানা দণ্ড দেন এবং বর্জ্য পরিশোধনাগার পূর্ণাঙ্গভাবে চালু না করা পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন। ওই কারখানায় দৈনিক প্রায় পাঁচ মেট্রিক টন বস্ত্র ডাইং করা হয়। গত এক বছরে প্রায় সোয়া লাখ ঘনমিটার দূষিত বর্জ্যে তুরাগ নদের পরিবেশগত ক্ষতিসাধনের প্রমাণ পাওয়া যায়। পরে কারখানার মালিক নগদ ২০ লাখ টাকা পরিশোধ করেন। বাকি ১৯ লাখ টাকা পরিশোধ ও কারখানার ইটিপি চালু না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ভবিষ্যতে দূষণের ঘটনা ঘটলে কারখানার গ্যাস, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন এবং মালিককে গ্রেপ্তার করে মামলা দায়েরের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।