গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুজন। গতকাল শনিবার সকালে কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সেলিম হোসেন (৩৫) নরসিংদী জেলার গোপালদী এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জালাল উদ্দিন (৩৮) ও কালীগঞ্জের মুক্তারপুর গ্রামের মো. আসাদ (৩৫)।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ২৫-২৬ জনের ডাকাতদল ডেমরা গ্রামের শেখ মঞ্জুর বারীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা বারীর ভাইয়ের স্ত্রী, দুই মেয়েকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে চলে যায়। সঙ্গে সঙ্গে পাশের মসজিদের মাইকে ডাকাতির খবর প্রচার করা হয়। পরে শতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের খোঁজে বের হয়। ভোরের দিকে স্থানীয় একতা খেয়াঘাট থেকে লোকজন সন্দেহবশত সেলিম ও জালালকে ধরে স্থানীয় একতা উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে বেদম পিটুনি দেয়। তাঁরা ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। সেলিম ও জাহিদ গ্রামবাসীকে জানান, তাঁদের সঙ্গে মুক্তারপুর গ্রামের আসাদ জড়িত। পরে লোকজন আসাদকে তাঁর বাড়ি থেকে ধরে এনে পিটুনি দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ গতকাল সকাল নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু উত্তেজিত গ্রামবাসী পুলিশের সামনেই ওই তিনজনকে আরেক দফা পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। পুলিশ অনেক কষ্টে জালাল ও আসাদকে উদ্ধার করতে পারে। পরে তাঁদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, ডাকাতি ও ক্ষুব্ধ গ্রামবাসীর মারধরে একজনের মৃত্যুর ঘটনায় ডেমরা গ্রামের শেখ মঞ্জুর বারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।