গাজীপুরে ডায়িং কারখানাকে ১৪ লাখ টাকা জরিমানা
কারখানার বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপনে গড়িমসির দায়ে গাজীপুর সদর উপজেলার দক্ষিণ জরুন এলাকার একটি ডায়িং কারখানাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এই জরিমানা আদায় করে কারখানাটি বন্ধের নোটিশ দিয়েছেন। অধিদপ্তর সূত্রে জানা যায়, গাজীপুরের এমা সিনটেক্স লিমিটেড নামের ডায়িং কারখানাটি দীর্ঘ ২১ বছর ধরে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন না করেই কার্যক্রম চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নেতৃত্বে একটি দল ওই কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানা থেকে নোংরা পানি বের হয়ে তুরাগ নদ দূষিত হওয়ার প্রমাণ পায় দলটি। কারখানার মালিক মোদাব্বের হোসেনকে গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে তলব করে তাঁকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। মালিক জরিমানার টাকা পরিশোধ করেছেন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, বেআইনি উৎপাদন বন্ধ রাখতে ওই কারখানাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। দৈনিক পাঁচ মেট্রিক টন ডায়িং ক্ষমতাসম্পন্ন ওই কারখানার অশোধিত বর্জ্য তুরাগ নদের পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। কারখানার মালিক গত ২০১০ সালের ৫ অক্টোরব থেকে বারবার ইটিপি স্থাপনের অঙ্গীকার করলেও তা না করে উৎপাদন চালিয়ে যেতে থাকেন। আলিশান বাড়ি, গাড়ি ও বিপুল অর্থ-সম্পদের অধিকারী হয়েও পরিবেশের প্রতি তাঁর এই অবজ্ঞা ও অবহেলার জন্য তাঁকে ভর্ৎসনা করা হয়। মুনীর চৌধুরী বলেন, প্রতিবারের মতো এবারও তিনি ক্ষমা চান এবং ইটিপি স্থাপনের জন্য আরও সময় দাবি করেন। তিনি বলেন, ইটিপি ছাড়া এক মুহূর্তের জন্য কারখানা চালালে মালিককে গ্রেপ্তার এবং কারখানার গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।