গাজীপুরে ডায়িং কারখানাকে ১৮ লাখ টাকা জরিমানা
তুরাগ নদ দূষণের দায়ে গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকার ইয়াসিন নিটেক্স লিমিটেড নামের একটি ডায়িং কারখানাকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, ১৯ জুন তুরাগ নদের দূষণবিরোধী অভিযানের সময় ইয়াসিন নিটেক্স লিমিটেডের কারখানা থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা পরীক্ষা করা হয়। এতে দ্রবীভূত অক্সিজেনের কোনো অস্তিত্ব না পাওয়ায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী কারখানার মালিককে ঢাকায় তলব করেন। মালিক গতকাল বুধবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরে এলে তাঁকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়। কারখানার বর্জ্য ব্যবস্থাপনায় ক্রটি ধরা পড়ায় তা অবিলম্বে সংশোধনেরও নির্দেশ দেন মুনীর চৌধুরী। কারখানার তরল বর্জ্য স্থানীয় জমি ও খালের মাধ্যমে তুরাগ নদে গিয়ে পড়ে। প্রতিবেশ সংকটাপন্ন এ নদে বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও ওই কারখানা থেকে এ পর্যন্ত পাঁচ কোটি ৬০ লাখ লিটার দূষিত তরল বর্জ্য তুরাগ নদে পড়েছে বলে পরিবেশ অধিদপ্তরের এক অনুসন্ধানে জানা গেছে।