গাজীপুরে ডিবির ১০ সদস্যকে প্রত্যাহার
কর্তব্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই এসআই, দুই এএসআই ও ছয় কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাঁদের প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান ও এসআই মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুমন ও আমান উল্যাহ, কনস্টেবল আনোয়ার হোসেন, এরশাদুল আলম, শাহাদত হোসেন, আরিফ হোসেন, মো. রফিক ও মোস্তফা মিয়া।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন বলেন, কর্তব্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে ওই ১০ জনকে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল সকালে প্রত্যাহার করেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা তথ্যদাতার দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে দুই দিন আগে নিজ কর্তব্যস্থল ছেড়ে টঙ্গী এলাকায় গিয়ে দুই ব্যক্তিকে আটক করেন। সোমবার বিকেলে আদালতে পাঠানোর সময় আটক ব্যক্তিদের এক আত্মীয় পুলিশ সুপারকে ঘটনাটি জানান। এ সময় ওই ব্যক্তি বলেন, কোনো অপরাধ না থাকলেও ওই দুজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ সুপার ঘটনার সত্যতা পেয়ে তাঁদের প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেছেন।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, কর্তব্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ১০ জনকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া বিষয়টির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।