গাজীপুরে ড্রেনে পড়ে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ভোগরা পেয়ারা বাগান এলাকায় ড্রেনের স্ল্যাব সরে ভেতরে পড়ে গতকাল শনিবার সকালে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম সুমিয়া আক্তার (১৪)।
সুমিয়া চাঁদপুরের ফরিদগঞ্জ থানার চরদুখিয়া গ্রামের কুয়েতপ্রবাসী আবুল হোসেনের মেয়ে ও গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকার তামীরুল মিল্লাত মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
জয়দেবপুর থানার এসআই জাকির হোসেন বলেন, ভোগরা পেয়ারা বাগান এলাকায় বাড়ি নির্মাণ করে আবুল হোসেনের পরিবার স্থায়ীভাবে বাস করছে। আবুল হোসেন গত বুধবার দেশে ফেরেন। সুমিয়া আক্তার পরীক্ষা দিতে গতকাল সকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। পথে ভোগরা বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ড্রেনের স্ল্যাবের ওপর দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। তবে এর এক পাশে স্ল্যাব ছিল না। এ সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ড্রেনের মুখ থেকে স্ল্যাবটি সরে যায়। এতে সুমিয়া ওই ড্রেনে পড়ে যায় এবং পানির তোড়ে মহাসড়কের নিচ দিয়ে প্রায় ১০০ ফুট দূরে গিয়ে আটকে যায়। পরে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয়ভূষণ দাস বলেন, সুমিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।