গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানের আগেই গাজীপুরকে যানজটমুক্ত রাখতে গাজীপুরে র্যা লি ও সমাবেশ করেছে জেলা পুলিশ। অথচ পবিত্র রমজানের শুরু থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন যানজট লেগে থাকছে।
গতকাল মঙ্গলবার গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, কড্ডা, নাওজোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গাড়ির চালক ও যাত্রীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর সফিপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভেতর বসে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
সরেজমিনে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা গেছে। বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ সব ধরনের যানবাহনকে খুবই ধীর গতিতে চলতে দেখা গেছে।
সততা পরিবহনের চালক সাইফুল ইসলাম বলেন, প্রায় তিন ঘণ্টা ধরে তিনি কোনাবাড়ী এলাকায় যানজটে আটকে আছেন। দু-তিন মিনিট পরপর গাড়ি থামিয়ে রাখতে হচ্ছে। এতে গাড়ির সময় ও তেল দুই-ই নষ্ট হচ্ছে।
গাজীপুরের টঙ্গীগামী যাত্রী সুলতান সরকার বলেন, ‘মৌচাক থেকে বাসে উঠেছি। দেড় ঘণ্টায় কোনাবাড়ী বাইমাইল পর্যন্ত এসে পৌঁছেছি।’
কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি আবু দাউদ বলেন, মহাসড়কে ময়লা-আবর্জনা ফেলার কারণে গাড়ি এক লেন দিয়ে চলাচল করে। যে কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।