গাজীপুরে তরুণের লাশ, সুইমিং পুলে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজার থেকে গতকাল শনিবার এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গত শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার নগরভেলা এলাকার মেঘবাড়ী নামের একটি বিনোদনকেন্দ্রের সুইমিং পুলে ডুবে মৃত্যু হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মারা যাওয়া দুজন হলো কালিয়াকৈরের ডালজোড়া এলাকার অসিম সাহা (২৫) ও কালীগঞ্জের ছাইতান গ্রামের প্রবাসী ববি রোজারিওর মেয়ে চালিং রোজারিও (১১)। সে স্থানীয় গঠনিকা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ফুলবাড়িয়া বাজারে পরিমল সাহা নামের এক ব্যক্তির মুদি দোকান রয়েছে। ওই দোকানের দুই কর্মচারীর একজন অসিম সাহা (২৫), অন্যজন সঞ্জিত সাহা (১০)। শুক্রবার দিবাগত রাতে দুজন খাবার খেয়ে দোকানের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সঞ্জিত সাহা ঘুম থেকে উঠলেও অসিম ওঠেননি। পরে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার এসআই মজিদ বকুল বলেন, মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ছাড়া তাঁর পরিবারেরও কোনো অভিযোগ নেই।
কালীগঞ্জের নগরভেলা গ্রামের মেঘবাড়ী বিনোদনকেন্দ্রের সুইমিং পুল থেকে চালিং রোজারিওর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর মা লাকী রোজারিও বলেন, শুক্রবার বিকেলে তাঁরা মেঘবাড়ী রিসোর্টে বেড়াতে যান। ওই সময় চালিং রিসোর্টের সুইমিং পুলে গোসল করতে নামে। এ সময় তিনি তাঁর আরেক মেয়ে অঙ্কিতাকে (৩) নিয়ে পাশেই অবস্থান করছিলেন। একপর্যায়ে চালিং সুইমিং পুলে তলিয়ে যায়। পরে রিসোর্টের অন্য দর্শনার্থীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের এসআই চন্দন দে সুইমিং পুলে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।