গাজীপুরে তিতাসের ১১ কিমি পাইপলাইন উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার সরাবো ও কাশিমপুর এবং শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় ১১ কিলোমিটার গ্যাসের অবৈধ পাইপলাইন উচ্ছেদ করেছে তিতাসের গাজীপুর ও সাভার শাখা কর্তৃপক্ষ। এতে ওই এলাকার এক হাজার দু শর বেশি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
গতকাল রোববার সকালে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই পাইপলাইন উচ্ছেদ করে। তিতাসের গাজীপুর কার্যালয় থেকে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাসপাইপ স্থাপন করে কয়েক হাজার মানুষ সংযোগ নিয়েছে। অবৈধ সংযোগের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। চলতি বছরের শুরুর দিকে প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর কিছু অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয়েছিল। পরে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়।
গতকাল সকালে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর শাখার কর্মকর্তারা জেলা প্রশাসনের সহায়তায় গতকাল সকালে শ্রীপুরের রাজাবাড়ির করুণপাড়া ও গজারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু করে। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলাকালে করুণপাড়া এলাকার দুই কিলোমিটার এবং গজারিয়া এলাকার চার কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ অপসারণ করা হয়। এ কারণে ওই দুটি এলাকার প্রায় সাড়ে আট শ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার। আদালতকে সহায়তা করেন তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আ ম সাইফুল ইসলাম, উপব্যবস্থাপক ছাব্বের আহম্মেদ চৌধুরী, এ বি এম তোরাব হোসেন, শাহাব উদ্দিন প্রমুখ। অভিযানে সহায়তা করে জয়দেবপুর থানার পুলিশ।
তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আ ম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধ সংযোগ উচ্ছেদ করতে এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে।
এদিকে তিতাসের সাভারের আঞ্চলিক বিপণনকেন্দ্রের উপব্যবস্থাপক আফতাব উদ্দিন জানান, গতকাল গাজীপুরের সরাবো ও কাশিমপুর এলাকায় আরও পাঁচ কিলোমিটার গ্যাসের অবৈধ পাইপলাইন উচ্ছেদ করেছে সাভার তিতাস কর্তৃপক্ষ। এর ফলে ওই এলাকার চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা।