ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে বিসিক এলাকার ডায়িং কারখানাগুলোর তরল বর্জ্য সড়কে ওপর দিয়ে যাওয়ার ফলে খানাখন্দের সৃষ্টি এবং পরিবেশ বিপর্যয় হচ্ছে। এসব কারণে পরিবেশ অধিদপ্তর গতকাল মঙ্গলাবার অভিযান চালিয়ে তিনটি কারখানাকে এক কোটি ১১ লাখ টাকা জরিমানা করেছে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিসিককে নর্দমা সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।কোনাবাড়ী বিসিক ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোনাবাড়ী বিসিক শিল্পনগরের ভেতরে শতাধিক কারখানা রয়েছে। এর মধ্যে ১০ থেকে ১২টি ডায়িং ও ওয়াশিং কারখানাও রয়েছে। কিন্তু এসব কারখানার কোনো ইটিপি প্ল্যান্ট নেই। এ কারণে ডায়িং ও ওয়াশিং কারখানাগুলোর তরল বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলে হচ্ছে পার্শ্ববর্তী তুরাগ নদে। বেশ কিছুদিন ধরে বর্জ্য মহাসড়কের ওপর দিয়ে যাচ্ছিল। এর কারণে সড়কে প্রচুর খানাখন্দের সৃষ্টি হয়। পরে গত সোমবার প্রথম আলোর প্রথম পাতায় ‘শিল্পকারখানার তরল বর্জ্যে নষ্ট হচ্ছে মহাসড়ক’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশ করা হলে পরিবেশ অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়। পরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান চালান। এ সময়ে ইটিপি না থাকায় বিসিকের ভেতরে থাকা ওয়াকফি নিট ফ্রেব্রিক্স লিমিটেড, নাইটিংগেল ফ্যাশনস লিমিটেড এবং ফ্যাশন ডিজাইন লিমিটেড নামের তিনটি কারখানাকে এক কোটি ১১ লাখ টাকা জরিমানা করা হয়।জেলা পুলিশ, জেলা প্রশাসন, জেলা পরিবেশ অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া কোনাবাড়ী বিসিক শিল্পনগর কর্মকর্তাকে গতকাল বিকেলে পরিবেশ অধিদপ্তরে তলব করে আজ বুধবার বিকেল চারটার মধ্যে বিসিক-নিয়ন্ত্রিত পয়োনিষ্কাশনব্যবস্থার সংস্কার করে সড়কে দূষিত পানির নির্গমণ বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়সীমার মধ্যে বিসিক কার্যক্রম গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মোহাম্মদ মুনীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।