গাজীপুরে তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে গতকাল শুক্রবার বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকার মৌলি ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা অক্টোবরের বেতন ও ঈদ-ভাতার দাবিতে গত বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেন। ওই দিন সন্ধ্যার দিকে কারখানা কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ৫ নভেম্বর শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হবে। শ্রমিকেরা এ ঘোষণা প্রত্যাখ্যান করে বিক্ষোভ অব্যাহত রাখেন। তাঁরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামানসহ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ শুক্রবার বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু গতকাল শুক্রবার দুপুরে কিছু শ্রমিকের বেতন-ভাতা দেওয়া হলেও কারখানার কয়েকটি ইউনিটের বেতন-ভাতা শনিবার দেওয়া হবে বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে। পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। আহত দুই পুলিশ হলেন, শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহসিন ও এএসআই কামাল হোসেন। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত অন্যরা শ্রমিক। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এলিটজা সোয়েটার লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনায় বসেন। এতে সিদ্ধান্ত হয়, আজ শনিবার বেতন-ভাতা দেওয়া হবে।গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক কবির হোসেন জানান, আশুলিয়া থানার জিরানীবাজার এলাকার সাথী ফ্যাশন নামের একটি কারখানার শ্রমিকেরা পুরো বেতন-ভাতার দাবিতে গতকাল কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।