আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আজ বৃহস্পতিবার আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন স্থানে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। অনেক কারখানাতেই চলছে কর্মবিরতি।
জানা গেছে, আশুলিয়ার জিরানী এলাকার লিবার্টি ফ্যাশনস নামের পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার ভেতরে সকাল থেকে বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ১৩ অক্টোবর বেতন ও বোনাস দেওয়া হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।
একই দাবিতে ভলিভদ্র এলাকায় আনজির অ্যাপারেলসের শ্রমিকেরা গতকালও বিক্ষোভ করেছেন। আজ সকালে তাঁরা কাজে গিয়ে কারখানা বন্ধ দেখতে পান। এরপর তাঁরা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। গৌরিপুর এলাকায় জামানা গার্মেন্টস নামের পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। তবে মালিক পালিয়ে গেছেন।
এ ছাড়া জামগড়া এলাকায় হারবার্ড সোয়েটার, আশা ক্রিয়েশন, ওশেন অ্যান্ড ডিজাইন, ছয়তলা এলাকায় স্ক্যানডেক্স, গৌরিপুর এলাকার মাদার স্টিচ নামের এসব পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
শিল্প পুলিশ আশুলিয়া অঞ্চলের পরিদর্শক আবদুস সাত্তার শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গাজীপুরের সাতাইশ, বড়বাড়ি এলাকায় আজ সকাল থেকে বিক্ষোভ করছেন তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা। জেলার পানিশাইল এলাকার একটি পোশাক কারখানায় ফাটল দেখা দেওয়ায় সেটি আজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটি সাত দিন থেকে বাড়িয়ে ১০ দিন করার দাবিতে সাতাইশ এলাকার ভিয়েলা টেক্স ও বড়বাড়ি এলাকায় এর অঙ্গপ্রতিষ্ঠান ইন্টার ফেব কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে আটটা থেকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি মীমাংসার জন্য শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে মালিকপক্ষ।
বড়বাড়ি এলাকায় সাহরীন সোয়েটার কারখানার শ্রমিকেরা ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ ও প্রতি পিস সোয়েটারের মূল্য বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন। আজ সকালে কাজে যোগ দিতে গিয়ে তাঁরা দেখতে পান কারখানা বন্ধ। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ওই কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
এদিকে, পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার কারখানায় সকালে কাজ শুরুর পর ফাটল দেখতে পান শ্রমিকেরা। এ খবর ছড়িয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। সকাল সাড়ে আটটার দিকে কাজে বিরতি দিয়ে দ্রুত সংস্কার ও পরীক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এক পর্যায়ে আজকের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকেরা ওই এলাকা ত্যাগ করেন।
প্রথম আলো ডটকমকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল পুলিশ-২ (গাজীপুর)-এর সহকারী পুলিশ সুপার আ স ম সামসুর।