বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সদর উপজেলার কাথুরা, বোর্ডবাজার ও জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকার তিনটি তৈরি পোশাক কারখানায় গতকাল সোমবার সকালে শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।কারখানার শ্রমিক ও শিল্প-পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কাথুরা এলাকার নন্দন অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের গতকাল নভেম্বর মাসের বেতন দেওয়ার কথা। সে অনুযায়ী সকালে শ্রমিকেরা বেতন দাবি করলেও কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। পরে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ করে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে গ্লাস ও আসবাব ভাঙচুর করেন। পরে কর্তৃপক্ষ ১৪ ডিসেম্বর বেতন পরিশোধ করার ঘোষণা দিলে শ্রমিকেরা শান্ত হন এবং কর্মবিরতি অব্যাহত রেখে বাড়ি চলে যান।অপরদিকে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকার সাউদার্ন ক্লথিং সোয়েটার লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে আশুলিয়া এলাকায় স্থানান্তর করা হচ্ছে। যার কারণে অনেক দিন ধরেই কারখানায় কাজ নেই, শ্রমিকেরা বেকার রয়েছেন। কারখানা অন্যত্র নেওয়ায় শ্রমিকেরা শ্রম আইন অনুযায়ী তিন মাসের বেতন ও বোনাসের দাবি জানান। কর্তৃপক্ষ এ দাবি পূরণে বিলম্ব করায় বিক্ষোভ-সমাবেশ করে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন। খবর পেয়ে গাজীপুর শিল্প-পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকায় ডিএন স্পোর্স নামের একটি কারখানায় শ্রমিকেরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে শিল্প-পুলিশ তাঁদের বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় বেতন পরিশোধে কারখানা কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করা হলে তারা বেতন পরিশোধের আশ্বাস দেয়। পরে শ্রমিকেরা শান্ত হন।গাজীপুর শিল্প-পুলিশের পরিদর্শক সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনটি কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ছে।