গাজীপুরে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল বৃহস্পতিবার তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। গাজীপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকালে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মজিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন ফারজানা তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। গত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী হরিলাল ভাস্করকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে ওই দিন রাতেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী হাবিব তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।