গাজীপুরে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
গাজীপুরে মাদক ব্যবসার অভিযোগে বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: গাজীপুর সদর উপজেলার যোগীতলা এলাকার সোহেল মিয়া (৪১), জয়দেবপুর শহরের জোড়পুকুরপাড় এলাকার মোবারক হোসেন মামুন (২৭) ও একই এলাকার সৈকত হোসেন (২২)।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, র্যাব-১ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীতে হিমদিঘিরপাড় এলাকার আ. রহমানের বাড়িতে বুধবার রাতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আবদুর রহমানের ভাড়াটে সোহাগ মিয়াকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আরা বেগম মাদক ব্যবসায়ী সোহাগ মিয়াকে এক বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।অপর ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জয়দেবপুর থানার পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের পৌর কালীমন্দির এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিযানে নয়টি ইয়াবা বড়িসহ মোবারক হোসেন ও সৈকত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন ফারজানা মাদক ব্যবসায়ী মোবারক হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন। মাদক ব্যবসায়ী সৈকত হোসেনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।