গাজীপুরে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে দাফনের তিন মাস পর মো. সোহাগ নামের এক তরুণের লাশ কবর থেকে তোলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তোলা হয়।

মো. সোহাগ গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকার মুক্তিযোদ্ধা ওসমান গণির ছেলে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর মোল্লা জানান, চলতি বছরের ২৯ আগস্ট ভাওয়াল মির্জাপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। প্রথমে নিহতের পরিবারের ধারণা ছিল, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরে পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, তিনি সড়ক দুর্ঘটনায় মারা যাননি। তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পিটিয়ে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের বাবা ওসমান গণি গাজীপুর আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে জয়দেবপুর থানা মামলাটি রেকর্ড করে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলনের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত। ওই আদেশ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শিবলীর উপস্থিতিতে গতকাল লাশ তুলে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।