গাজীপুরে তিনটি স্থানে ডাকাতি, আহত ৫
গাজীপুর সদর উপজেলার যুগীতলা এলাকায় গত শনিবার রাতে ১৫-১৬টি যানবাহনে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় চারটি বাড়িতে এবং কাপাসিয়া উপজেলার জুনিয়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির পৃথক তিনটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ঢাকা-বাইপাস সড়কের যুগীতলা এলাকায় ডাকাত দল গত শনিবার রাতে গাছ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। পরে ডাকাত দল ১৫ থেকে ১৬টি ট্রাক থেকে নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ায় ট্রাকের চালক নজরুল ইসলাম ও সহযোগী রিপন মিয়াসহ কয়েকজনকে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দা সামছু মিয়া জানান, প্রায় রাতেই বাইপাস সড়কে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভাগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সুজায়েত জানান, সড়কে ডাকাতির ঘটনা ঘটেনি, তবে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় গত শনিবার রাতে পাশাপাশি চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১২-১৩ জনের একটি ডাকাত দল প্রথমে এলাকার নজরুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখানে মালামাল লুট করে বেলায়েতের বাড়িতে ঢুকে নগদ ১০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে তারা। এরপর চিকিৎসক শাহীনের বাড়ি থেকে একটি মোটরসাইকেল, তিন ভরি স্বর্ণ ও নয় হাজার টাকা লুট করে ডাকাত দল। পরে আবু তাহেরের ঘর থেকে একই কায়দায় ৪৮ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এদিকে, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, গত শনিবার রাত আড়াইটার দিকে ১৪-১৫ জনের সশস্ত্র ডাকাত দল কাপাসিয়া উপজেলার জুনিয়া এলাকায় মিজান মিয়ার ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার, ২২ হাজার টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে।