গাজীপুরে তুরাগ থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় তুরাগ নদ থেকে গতকাল মঙ্গলবার এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে ব্রিজের ওপর থেকে নদে ঝাঁপ দিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
ওই ছাত্রীর নাম শামীমা আক্তার লিমা (১৫)। সে কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার আবদুল জলিল মিয়ার মেয়ে ও কোনাবাড়ী এম এ কুদ্দুছ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী দুপুর পৌনে ১২টার দিকে কড্ডা ব্রিজের ওপর রেলিং ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে সে তুরাগ নদে পড়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে প্রায় এক ঘণ্টা পর তুরাগ নদের নিচ থেকে তাকে উদ্ধার করে। এরপর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ী এম এ কুদ্দুছ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজগর আলী বলেন, গতকাল স্কুল বন্ধ ছিল। সে কী কারণে নদে ঝাঁপ দিয়েছে তা জানা যায়নি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রণয় ভূষণ দাস জানান, এলাকাবাসী ওই ছাত্রীকে তুরাগ নদ থেকে উদ্ধার করে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।