গাজীপুরে তুরাগ থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলার জয়েরটেক এলাকার তুরাগ নদ থেকে গতকাল শুক্রবার রাতে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. সায়েম (১৩)। সে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকার গোলাম মোস্তফার ছেলে। সায়েম হলি প্রমিজ পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সায়েম গত বৃহস্পতিবার বিকেলে পাঁচ সহপাঠীর সঙ্গে জয়েরটেক এলাকায় তুরাগ নদে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সায়েম নদে তলিয়ে যায়। সহপাঠীরা ডুবে যাওয়ার ঘটনা কাউকে না জানিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। রাতে সায়েম বাড়ি না ফেরায় এলাকায় মাইকযোগে তার সন্ধান চাওয়া হয়। জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।গতকাল সকালে প্রত্যক্ষদর্শী এক ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সায়েমের ডুবে যাওয়ার বিষয়টি জানায়। তুরাগ নদে দিনভর খোঁজাখুঁজি করে গতকাল রাত আটটার দিকে সায়েমের লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।