গাজীপুরে তুরাগ রক্ষায় মানববন্ধন
তুরাগ নদ রক্ষার দাবিতে গাজীপুরে জেলা পরিবেশ আন্দোলন গতকাল শুক্রবার সকালে মানববন্ধন, সমাবেশ ও শোভাযাত্রা করেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কড্ডা ব্রিজে ওই মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি মো. আনোয়ার সাদতের সভাপতিত্বে পরে এক সমাবেশ হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম মোল্লা, মো. মনোয়ার হোসেন, আসাদুজ্জামান, বোরহান উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে হলে স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক পরিবেশ রক্ষা জরুরি। শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ও কালো ধোঁয়ায় গাজীপুরের পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের শিকার।কারখানাগুলোতে বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই বর্জ্য তুরাগ নদ ও পার্শ্ববর্তী বিলে গিয়ে পড়ে। এতে এসব জলাশয়ের পানি বিষাক্ত হয়ে পড়ছে। মাছ, জলজপ্রাণী, ফসল বিনষ্ট হচ্ছে। মানুষ নানা চর্মরোগে ভুগছে।এ ছাড়া ভূমিদস্যুরাও গাজীপুরের নদ-নদী, খাল-বিল ও প্রাকৃতিক জলাশয় দখল করে নিচ্ছে। এই মুহূর্তে দূষণ ও দখল-প্রক্রিয়া বন্ধ করতে না পারলে গাজীপুর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।এ ছাড়া দূষণের মতো কারণেই ক্যানসারের মতো দুরারোগ্য রোগও ছড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে বাঁচতে গাজীপুরের সব শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার স্থাপন জরুরি। সে জন্য গাজীপুরবাসীকে সোচ্চার হতে হবে বলে বক্তারা মত প্রকাশ করেন।