গাজীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন নিরাপত্তাকর্মীরা তুলার গুদামে ধোঁয়া দেখে এগিয়ে আসেন। দরজা খুলে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে। মুহূর্তেই নিরাপত্তা–সংকেত বেজে উঠল। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ–ব্যবস্থা ততক্ষণে চালু হয়ে গেছে।

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলে গতকাল দিবাগত রাত তিনটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আজ বিকেল চারটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা যায়, সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কয়েকটি গুদামঘরের মধ্যে পশ্চিম দিকে থাকা বড় গুদামে আগুন লাগে। টিনশেড দেওয়া আধপাকা গুদামটি একতলাবিশিষ্ট। এর পাশেই চারতলা একটি ভবন, যার নিচে রয়েছে দাহ্য রাসায়নিকের বড় মজুত। আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিস ও কারখানার অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুত রাসায়নিক দ্রব্যগুলো সরিয়ে নেন। আগুনের ঘটনায় ভোররাত থেকেই তা নিয়ন্ত্রণে কাজ করছে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি, শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি, টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ও ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পাশাপাশি কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণকর্মীরাও কাজ করেছেন।

আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সাদিক মৃধা
আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সাদিক মৃধা

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল-আমীন জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করে। পরে যুক্ত হয় আরও পাঁচটি ইউনিট। তুলার গুদামে বিভিন্ন কারণে আগুন লাগতে পারে। অনুসন্ধানের পর কারণটি নিশ্চিত হওয়া যাবে। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। বিকেল চারটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তুলার আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, কারখানাটির ৩০ হাজার স্কয়ার ফুট দৈর্ঘ্যের গুদামে সারে চার হাজার টন তুলার মজুত ছিল বলে জানা গেছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৪৮মিনিটে খবর পেয়ে দ্রুত ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, এর আগে গত রোববার কাদেরিয়া টেক্সটাইলের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আজকের আগুনের ঘটনায়ও শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে।