গাজীপুরে তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ১০ শ্রমিক আহত
গাজীপুর সদর উপজেলার জিরানী এলাকায় গতকাল শুক্রবার তৈরি পোশাক কারখানা রেডিয়্যাল ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে দ্রুত নামতে গিয়ে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি রপ্তানিমুখী পোশাক তৈরির কারখানার জেনারেটরের সঙ্গে সংযুক্ত গ্যাস লাইনে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এতে জেনারেটরের কক্ষসহ আশপাশের কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নামার সময় ১০ জন শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তারা শ্রমিকদের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার মহাব্যবস্থাপক আবুল কালাম দাবি করেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।