গাজীপুরে তৈরি পোশাক কারখানায় কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দক্ষিণ পানিশাইল এলাকার একটি সোয়েটার তৈরি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। এ সময় পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটে। এতে কারখানার কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হন। শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, দক্ষিণ পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের গত বৃহস্পতিবার সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করা হয়। ওই সময় শ্রমিকেরা উৎপাদন মজুরি পিসপ্রতি ১০ টাকা বৃদ্ধির দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ এতে সাড়া না দেওয়ায় কারখানার প্রায় আট হাজার শ্রমিক গতকাল কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। এ সময় কর্মকর্তারা কারখানায় প্রবেশ করতে গেলে শ্রমিকেরা তাঁদের ফটকের সামনে আটকে মজুরি বৃদ্ধির দাবি জানান। একপর্যায়ে শ্রমিকেরা তাঁদের ওপর হামলা চালান। পরে মালিকপক্ষের লোকজনও শ্রমিকদের ওপর হামলা চালান। এতে কারখানার কর্মকর্তা ও শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন কারখানার পরিচালক নেসারউদ্দিন, মহাব্যবস্থাপক (উৎপাদন) হেলাল উদ্দিন, সহকারী উৎপাদন ব্যবস্থাপক আবদুল্লাহ, সহকারী উৎপাদন ব্যবস্থাপক জহির উদ্দিন, শ্রমিক হোসেন আলী, নয়ন, সাইদুল ইসলাম, আমিনুল হক, সিরাজুল ইসলাম ও আকাশ। তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।পরে চক্রবর্তী পুলিশ ফাঁড়ি ও আর্মড পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আশপাশের কারখানাগুলোর চেয়ে তাঁরা উৎপাদন মজুরি বেশি দেন। তার পরও শ্রমিকেরা অযৌক্তিক দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।