গাজীপুরে তৈরি পোশাক চুরিতে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানির জন্য গাজীপুরে তৈরি পোশাক চুরির ঘটনায় জড়িত সন্দেহে ঢাকার রামপুরা বনশ্রী আবাসিক এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. ওবায়েদ (২৯), তারিকুল ইসলাম (৩০) ও মো. জোবায়ের (৩১)। গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশ গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপ গত ৫ এপ্রিল চট্টগ্রামের শিপিং এজেন্ট এপিএল এবং ৫ মে পাইওনিয়র ও আর্ক নামে দুই এজেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্রেতা আমেরিকান ইগল আউটফাইটারের (এইও) কাছে তিন লাখ ৯৩ হাজার ২৬৬ পিস তৈরি পোশাক পাঠায়। পরে তারা অভিযোগ করে, দুইটি শিপমেন্টে তাদের কাছে ২০ হাজার ৩২ পিস কাপড় কম পাঠানো হয়েছে। এ ঘটনায় কারখানার জ্যেষ্ঠ গুদাম রক্ষণ কর্মকর্তা এস এম আল হেলাল ১৮ আগস্ট থানায় মামলা করেন।নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, কাপড় কম যাওয়ায় ক্রেতা কোম্পানির সঙ্গে ব্যবসা হুমকির মুখে পড়েছে ও জরিমানা গুনতে হচ্ছে। শুধু তাই নয়, দেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য কাউকে নির্দিষ্ট করে আসামি না করে থানায় চুরির মামলা করা হয়। বিভিন্ন সূত্র ধরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, সম্প্রতি রাজধানীর নাখালপাড়ার ড্রিমল্যান্ড টাওয়ারের ইনোভেটিভ ইন্টারন্যাশনাল ও রামপুরা বনশ্রীর রহিমা ট্রেডার্স নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান চুরি যাওয়া কাপড়ের নমুনার মতো তৈরি পোশাক বিক্রির বিজ্ঞাপন প্রচার করে। এর সূত্র ধরে প্রতিষ্ঠান দুটির উল্লিখিত তিনজনকে গ্রেপ্তার করা হয়।এদিকে গতকাল থানা পুলিশ হেফাজতে গ্রেপ্তার হওয়া তিনজনই সাংবাদিকদের কাছে নিজেদের নির্দোষ বলে দাবি করেন। তাঁরা জানান, কাপড় সম্পর্কে তাঁদের কিছুই জানা নেই। তাঁরা শুধু বেচাকেনায় মধ্যস্থতা করার চেষ্টা করেছেন।