গাজীপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পুবাইল এলাকার একটি কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ কামাল হোসেন নামের আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে এ দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হলো।
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল প্রথম আলোকে বলেন, মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন কামাল হোসেন (৪৮) সকাল সাড়ে সাতটার দিকে মারা যান। তাঁর বাড়ি নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। তিনি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল লিমিটেড কারখানার সুপারভাইজার ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের পুবাইলে প্রায় দেড় বছর আগে স্মার্ট মেটাল কারখানা গড়ে ওঠে। কারখানাটিতে পুরোনো টায়ার জ্বালিয়ে একধরনের তেল তৈরি করা হতো। গত শনিবার বিকেলে কারখানার একটি বয়লার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
এদিকে বিস্ফোরণের ঘটনায় গত সোমবার জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম সারোয়ার কারখানার মালিক গাজীপুরের বসুগাঁও পশ্চিমপাড়া এলাকার মো. ইমান উদ্দিন, কারখানার ব্যবস্থাপক মো. শাহীন ও জমির মালিক গাজীপুরের বড় কয়ের এলাকার বাছেদ ব্যাপারীসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।