গাজীপুরে দগ্ধ স্বামীর এক দিন পর স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামী আবদুর রহিমের (৩২) মৃত্যুর এক দিন পর স্ত্রী নাজনীন বেগমেরও (২৬) মৃত্যু হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নাজনীনের মৃত্যু হয়। রোববার ভোররাতে তাঁর স্বামী আবদুর রহিমের মৃত্যু হয়। রহিম কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কুয়ারচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

গত মঙ্গলবার বিকেলে জামালপুর এলাকার এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এতে দগ্ধ হন অনেকেই। ঘটনার পরদিন বুধবার সকালে শেফালি বেগম নামের দগ্ধ একজনের মৃত্যু হয়। এ নিয়ে ওই কসমেটিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হলো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নাজনীনের মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিট ওই দিন রাত সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানার ব্যবস্থাপক জাকির হোসেনসহ অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।