গাজীপুরে দাফনের তিন মাস পর লাশ উত্তোলন
দাফনের তিন মাস পর গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী ইউনিয়ন যুবদলের নেতা দুলাল সরকারের লাশ গতকাল মঙ্গলবার সকালে কবর থেকে তোলা হয়েছে। তাঁর স্ত্রী মিনা আক্তারের দায়ের করা হত্যা মামলার পরিপ্র্রেক্ষিতে আদালতের নির্দেশে ওই লাশ তোলা হয়। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত দুলাল কোনাবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-অর্থসম্পাদক ছিলেন। তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিমের সঙ্গে ঝুট ব্যবসা করতেন। গত ১৪ মার্চ বিকেলে দুলাল তাঁর ব্যবসার অংশীদার রেজাউলের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ তিনি মারা যান। নিহতের পরিবার জানায়, প্রথমে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়। কিন্তু গত ২৮ মে দুলালের স্ত্রী মিনা আক্তার তাঁর স্বামীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে গাজীপুর আদালতে মামলা করেন। আদালত ১৪ জুন ময়নাতদন্তের জন্য লাশ তোলার নির্দেশ দেন। এরই ভিত্তিতে গতকাল গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সেটি তোলা হয়। মিনা আক্তার জানান, স্বামীর মৃত্যুর পাঁচ-সাত দিন পর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ সেটাকে অপমৃত্যুর মামলা হিসেবে নেয়। কিন্তু ২০ দিন পর তিনি থানায় আবার একটি হত্যা মামলা করতে যান। পরে পুলিশের পরামর্শে তিনি আদালতেই হত্যা মামলাটি করেন। ২০ দিন পর হত্যা মামলা দায়েরের কারণ সম্পর্কে মিনা আক্তার জানান, নানাজনের কথা ও পারিপার্শ্বিকতা বিচার করে পরে দুলালকে হত্যা করা হয়েছে বলে মনে হয় তাঁর। তাই দেরিতে হলেও দুলালের ব্যবসায়িক অংশীদার রেজাউল করিম, দেলওয়ার হোসেন ও মামুন মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলাটি করেন। এদিকে রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, মামলার পর আসামিরা গা-ঢাকা দিয়েছেন। জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে তোলা হয়েছে। আগামীকাল (আজ বুধবার) ফের দাফন করা হবে।