ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে সদর উপজেলার ভোগাড়া বাইপাস সড়ক পর্যন্ত গতকাল শুক্রবার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, চন্দ্রা ত্রিমোড়, পল্লী বিদ্যুৎ, সফিপুর বাজার, মৌচাক বাসস্ট্যান্ড ও কোনাবাড়ী এলাকায় সড়কের ওপর সকাল থেকে শত শত যানবাহন আটকা পড়ে। গতকাল ছুটির দিন থাকা সত্ত্বেও সড়কের ওপর গাড়ির চাপ বৃদ্ধি, যত্রতত্র গাড়ি পার্কিং ও সড়কের বিভিন্ন স্থানে ভাসমান দোকান বসানোর কারণে এ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া গরুবাহী ট্রাক ও পোশাক তৈরি কারখানার বড় বড় লরিও যানজট সৃষ্টির কারণ।বাসের চালক আরফান উদ্দিন বলেন, মির্জাপুরের গোড়াই এলাকা পার হওয়ার পর থেকে যানজট শুরু হয়েছে। তবে যানজটের কোনো কারণ বুঝতে পারছি না। বাসের যাত্রী আকরাম হোসেন জানান, ঈদের এখনো বেশ কিছু দিন বাকি আছে। এর মধ্যেই এমন যানজটের সৃষ্টি হলে ঈদে ঘরমুখী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে। গাজীপুর থেকে চন্দ্রা আসতে সময় লাগে পৌনে এক ঘণ্টা। কিন্তু আজ আসতে সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, শুক্রবার বন্ধের দিন থাকলেও সড়কে গরুবাহী ট্রাকের সংখ্যা ছিল অনেক বেশি। এ ছাড়া এখন থেকেই অনেকে বাড়ি যাওয়া শুরু করেছেন। এ কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তিনি জানান, বিকেল পাঁচটার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।